চাঁদা না পেয়ে কুমিল্লায় বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদার দাবি পূরণ না হওয়ায় কুমিল্লা-ঢাকা পথে চলাচলকারী এশিয়া লাইন পরিবহনের শীতাতপনিয়ন্ত্রিত (এসি) একটি বাসে আগুন দেওয়া হয়েছে। গত সোমবার দিবাগত রাত তিনটায় নগরের শাসনগাছা এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।
এশিয়া লাইন পরিবহনের স্বত্বাধিকারী ও কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের অতিরিক্ত মহাসচিব জলিশ আবদুর রবের ভাষ্যমতে, সোমবার রাত আনুমানিক ১০টায় শাসনগাছা এলাকার এশিয়া লাইন বাস সার্ভিসের কাউন্টারের ভেতরে প্রবেশ করেন শাসনগাছা এলাকার পরিবহনশ্রমিক শাহ আলম, মো. ছোটন ও জসিমসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন। ওই সময়ে শাহ আলম তাঁর (জলিশ) কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। একই সঙ্গে তাঁরা প্রতিদিন ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁরা রাস্তায় গাড়ি চালাতে দেবেন না বলে হুমকি দিয়ে চলে যান। এরপর রাত আনুমানিক তিনটায় নগরের শাসনগাছা এলাকায় এশিয়া লাইন পরিবহনের ডিপোতে গিয়ে শীতাতপনিয়ন্ত্রিত একটি বাসে আগুন দেন তাঁরা।
জলিশ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান। তার আগেই বাসের সামনের অংশ পুড়ে যায়। ওই ডিপোতে একসঙ্গে ২০টি বাস ছিল। পরিবহনশ্রমিকেরা বিষয়টি টের না পেলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। এ ব্যাপারে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় তিনি মামলা করেছেন। মামলায় শাহ আলম, ছোটন ও জসিমসহ তিনজনের নাম উল্লেখ করা হয়। একই সঙ্গে অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।
অভিযুক্ত শাহ আলমের মুঠোফোনে একাধিকবার কল করে তা বন্ধ পাওয়া গেছে। চেষ্টা করেও ছোটন ও জসিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।