চাঁদা না পেয়ে কৃষককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শনিবার রাতের মধ্যে এক লাখ টাকা চাঁদা না দিলে রোববার রাতেই তোকে হত্যা করা হবে, কেউ ঠেকাতে পারবে না।’ এই হুমকি অনুযায়ীই কৃষক আবদুল জব্বারকে (৬০) হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামে। নিহত আবদুল জব্বারের ভাগ্নে মজিবর রহমান জানান, স্থানীয় এক সন্ত্রাসী বাহিনীর নেতা পরিচয়ে চার দিন আগে মুঠোফোনে আবদুল জব্বারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। শনিবার রাতের মধ্যে চাঁদা দেওয়া না হলে রোববার রাতের মধ্যে তাঁকে খুন করার হুমকি দেওয়া হয়। বিষয়টি পার্শ্ববর্তী সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পে জানানো হয়। পরে ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী গ্রামবাসীকে নিয়ে বৈঠকে বসেন। এতে রোববার রাতে গ্রামে সম্মিলিতভাবে পাহারা দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, বৈঠক চলাকালেই আবদুল জব্বারের ছেলে শরীফের মুঠোফোনে আবারও হুমকি দেয় সন্ত্রাসীরা। শরীফ তখন মুঠোফোনটি এসআইয়ের হাতে দেন। এসআই তা অন্য একটি মুঠোফোনের মাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শোনান। ভায়রা আমিরুল ইসলাম জানান, সিদ্ধান্ত অনুযায়ী রোববার সন্ধ্যা থেকেই পুলিশ ও গ্রামবাসী মিলে গ্রামে পাহারা বসায়। এসআই ইদ্রিস আলীও এতে যোগ দেন। রাত তিনটা পর্যন্ত পাহারা শেষে বাড়ি ফেরার সময় পথে আবদুল জব্বারকে অপহরণ করা হয়। সোমবার সকালে বাড়ির কাছে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। জানতে চাইলে এসআই ইদ্রিস আলী গ্রামবাসীর সঙ্গে বৈঠক চলাকালে সন্ত্রাসীদের হুমকি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মুঠোফোনের নম্বরের মাধ্যমে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা চলছে।