চাঁদা না পেয়ে গ্যাসের সংযোগ দিতে আ.লীগ নেতাদের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় কয়েকজন গ্রাহক গ্যাস-সংযোগ নিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করে অনুমোদন পেয়েছেন। নির্ধারিত টাকাও তাঁরা জমা দিয়েছেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির লোকজন সংযোগও দিতে গেছেন একাধিকবার। কিন্তু সংযোগ প্রদানে বাধা দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। গ্রাহকদের অভিযোগ, চাঁদা নেওয়ার জন্য আওয়ামী লীগের নেতারা গ্যাসের সংযোগ দিতে দিচ্ছেন না।
তিতাসের আওতাধীন এই এলাকায় ২০১০ সালের জুলাই পর্যন্ত গ্রাহক সংখ্যা ছিল মাত্র ৩৫ জন। ২০১৩ সালের মে মাসে নতুন করে আরও ১৩৭টি সংযোগ দেওয়া হয়। সম্প্রতি আরও ৭০ জন গ্রাহককে গ্যাস সংযোগের অনুমোদন দেয় তিতাস কর্তৃপক্ষ। অনুমতি পাওয়ার পর ওই গ্রাহকেরা নির্ধারিত টাকাও জমা দেন। এরপর একাধিকবার তিতাস গ্যাসের টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের লোকজন ওই গ্রাহকদের গ্যাস সংযোগ দিতে এসেছেন গোপালপুরে। প্রতিবারই উপজেলা আওয়ামী লীগের নেতারা বাধা দিয়েছেন।
সর্বশেষ গত ৩১ জানুয়ারি তিতাস গ্যাসের একটি দল গ্রাহকদের সংযোগ দিতে গোপালপুরে যান। সেই দলে থাকা তিতাসের জুনিয়র ওয়েল্ডার মকবুল আহমেদ জানান, ওই দিন তাঁরা গোপালপুরে পৌঁছে থানা কমপ্লেক্সে গ্যাস সংযোগ দেন। এরপর তাঁরা উত্তর গোপালপুরের শামছুর রহমান নামের এক গ্রাহকের সংযোগ দেওয়ার কাজ শুরু করেন। এ সময় পাঁচ-ছয়টি মোটরসাইকেলে করে ১৫-১৬ জন তরুণ এসে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং কাজ বন্ধ করতে বলেন। পরে তাঁরা তিতাস গ্যাসের জেনারেটর ও পিকআপ গাড়িটি মোটরসাইকেল বহরের পাহারায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারের বাসায় নিয়ে যান। সেখানে সাইফুল ইসলাম তিতাসের কর্মীদের বলেন, সংযোগের অনুমোদন পাওয়া বেশির ভাগ গ্রাহক বিএনপির লোকজন। অনেক লোকের অনুমোদন এখনো হয়নি। সবার অনুমোদন এলে তারপর সংযোগ দিতে দেওয়া হবে।
সাইফুল ইসলাম তালুকদার বলেন, ‘যারা উৎকোচ দেয় তাদের সংযোগ দেওয়া হয়। উৎকোচ না দিলে সংযোগ দেওয়া হয় না। ভুক্তভোগীরা আমার কাছে অভিযোগ করার পর আমি সংযোগ প্রদানে বাধা দিয়েছি। তাদের বলে দিয়েছি চলে যান, সব আবেদনকারীর অনুমোদন হলে তারপর সংযোগ দিতে দেওয়া হবে।’
তবে সংযোগের অনুমোদন পাওয়া গ্রাহকেরা জানালেন ভিন্ন কথা। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতারা প্রতি গ্রাহকের কাছ থেকে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করেছেন। এই টাকা না দিলে তাঁরা সংযোগ দিতে দেবেন না।
চাঁদা দাবির ব্যাপারে সাইফুল ইসলাম তালুকদার বলেন, ‘অসম্ভব, আমি বা আমার দলের কোনো লোক সংযোগ দিতে টাকা চেয়েছে এমন প্রমাণ দিতে পারলে আমি পদ থেকে ইস্তফা দেব।’
তিতাসের টাঙ্গাইল আঞ্চলিক বিপণন কার্যালয়ের ব্যবস্থাপক সুরুজ আলম বলেন, সংযোগ প্রদানে বাধা দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। নির্দেশনা এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।