চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা, দোকান ভাঙচুর
ছাত্রলীগ নেতার নেতৃত্বে সোমবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। চাঁদা না পেয়ে ওই হামলা চালানোর অভিযোগে পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের অভিযোগ থেকে জানা যায়, সোমবার রাত আটটার দিকে গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদের (২৬) নেতৃত্বে সাত-আটজন বাজারের প্রধান সড়কের পাশের ইমন টেলিকম নামের একটি মুঠোফোনের দোকানে ভাঙচুর চালায়। এতে ওই দোকানের কম্পিউটার, ১০টি মুঠোফোনসেটসহ অন্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তাদের হামলায় দোকানে থাকা কর্মচারী আফজাল হোসেন (২৪) গুরুতর আহত হন। এরপর তারা বাজারের রেলস্টেশন এলাকার বিধানের মিষ্টির দোকান ভাঙচুর করে। এতে চারটি মিষ্টি রাখার আলমারি ও প্রায় ১০ হাজার টাকার মিষ্টি নষ্ট হয়। এ সময় বাজারের ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ায় ভয়ে কেউ সামনে এগিয়ে আসেননি। ইমন টেলিকমের মালিক সালমা আগান জানান, ঘটনার কয়েক দিন আগে তাঁর কাছে ছাত্রলীগ নেতা আল মাহমুদ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ টাকা দিতে না চাইলে হামলা চালানো হয়। অপর ব্যবসায়ী বিধান কুমার সাহা অভিযোগ করেন, সোমবার সকালে ছাত্রলীগ নেতা আল মাহমুদ তাঁর কাছেও চাঁদা দাবি করেন এবং পাঁচ হাজার টাকা নিয়েও যান। আরও টাকা দিতে না পারায় রাতে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে হঠাত্ হামলা করেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়। এর আগে ওই দলটি বাজারের মোবারক বেপারীর দোকানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোর তিনটার দিকে ফরিদপুরের বায়তুল আমান এলাকার সেকান্দার আলীর বাড়িতে পালিয়ে থাকা অবস্থায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ, রুমন (২৫) ও শারফুলকে (২৭) গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সহযোগিতায় গোয়ালন্দ থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারকৃতদের পরিবারের দাবি, বিধানের ছেলে পাপ্পু (২৪) ও ইমন টেলিকমের কর্মচারী আফজালের সঙ্গে কয়েক দিন আগে আল মাহমুদের চাচাতো ভাই ইমনের বিবাদ হয়। এর জের ধরেই রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁদের আটক করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম সরদার জানান, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রলীগের সিদ্ধান্তে আল মাহমুদকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশীদ বলেন, ‘দলের মধ্যে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে, নেত্রীর নির্দেশ রয়েছে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এ ধরনের কোনো অপরাধীকে দলে রাখতে পারি না। তাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।’গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, মঙ্গলবার থানায় সালমা আগান বাদী হয়ে এজাহারভুক্ত পাঁচজন ও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার করা ব্যক্তিদের রাজবাড়ীর আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।