চাঁদা না পেয়ে ঠিকাদারের তত্ত্বাবধায়ককে অপহরণ করলেন ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় ঠিকাদারের তত্ত্বাবধায়ককে মাসুমকে (২৬) অপহরণ করা হয়েছে। গতকাল বুধবার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের আদলী বাজার এলাকা থেকে তাঁকে অপহরণ করেন ছাত্রলীগের নেতা মেহেদী হাসান ও তাঁর সন্ত্রাসী বাহিনী। তাঁরা বন্ধ করে দেন আলদী বাজারের সড়ক সংস্কারের কাজ। দুপুর থেকে মাসুমকে অপহরণকারী মেহেদীর কাছ থেকে উদ্ধারে পুলিশ ব্যাপক তল্লাশি শুরু করেছে। তাঁকে উদ্ধারের জন্য পুলিশ মেহেদীর মাকে আটক করেছে। পুলিশ জানায়, মেহেদী টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তাঁর বিরুদ্ধে হত্যাসহ থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের আলদী বাজার সড়কটি সড়ক ও জনপথের (সওজ) ৩৭ লাখ টাকা অর্থায়নে সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান লিসা এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানের পক্ষে কাজটি করছিলেন ঢাকার কল্যাণপুরের বাসিন্দা আনিসুর রহমান ও আল আমিন নামের দুই ঠিকাদার। ঠিকাদার আল আমিন প্রথম আলোকে জানান, সড়কটির কাজ শুরু করার পর থেকেই দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন মেহেদী। দুই মাস আগে এ জন্য একবার কাজ বন্ধ করে দেন। কিছুদিন আগে কাজ শুরু করলে প্রায় সময় এসে হুমকি দিয়ে যেতেন। তিনি আরও বলেন, ‘গতকাল বুধবার বেলা দুইটার দিকে আমাকে ও আমার কাজের তত্ত্বাবধায়ক মাসুমকে ধরে নিয়ে যান। বন্ধ করে দেন সড়কের কাজ। আলদী বাজারের পাশে একটি বাড়িতে দীর্ঘ সময় আটকে রাখার পরে আমাকে ছেড়ে দেন। আর মাসুমকে টাকা দেওয়ার পরে ছাড়া হবে বলে অন্য জায়গায় তুলে নিয়ে যান।’
বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ তাঁকে উদ্ধারে তল্লাশি শুরু করে। কিন্তু গতকাল রাত ১১টা পর্যন্ত মাসুমকে পুলিশ উদ্ধার করতে পারেনি।
টঙ্গিবাড়ী থানার ওসি এম এ মালেক বলেন, ‘আমরা মাসুমকে উদ্ধারে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেছি। মেহেদীকে গ্রেপ্তারের জন্য পুলিশ ব্যাপকভাবে কাজ করছে। মেহেদীর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আমরা তাই তাঁকে পেতে তাঁর মাকে আটক করেছি।’