চাঁদা না পেয়ে দোকানপাট ভাঙচুর যুবলীগ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর সাতটি দোকান ভাঙচুরের অভিযোগে জেলা যুবলীগের সহসভাপতি আবুবকর সিদ্দিক খানসহ দুজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত৷ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মজিবুর রহমান খান গত সোমবার আদালতে মামলা করার পর ওই নোটিশ দেওয়া হয়৷
এ নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মজিবুর রহমান ও তাঁর স্বজনেরা৷ মজিবুর রহমান বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন নওখন্ডা মৌজায় তাঁর ৪ দশমিক ৫৫ শতক জমির ওপর একটি করাতকল ও একটি আধাপাকা মার্কেট রয়েছে৷ সম্প্রতি যুবলীগের নেতা আবুবকর সিদ্দিক খান ও আওয়ামী লীগের সমর্থক আবুল কালাম আজাদ তিন লাখ টাকা চাঁদা দাবি করেন৷ চাঁদার টাকা না দেওয়ায় ২৪ মে তাঁরা ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে মার্কেট ভাঙচুর করতে যান৷ স্থানীয় লোকজনের বাধার মুখে সেদিন চলে যান৷ এর পরদিন তাঁরা আধাপাকা মার্কেটের সাতটি দোকান ভাঙচুর করেন৷
মজিবুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি৷ পরে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন৷ রোববার আদালতে মামলা করেন৷ আদালত আবুবকর ও আবুল কালামের বিরুদ্ধে কেন ফৌজদারি মামলা করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ িদয়েছেন৷
চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে আবুবকর সিদ্দিক খান বলেন, কে বা কারা ভাঙচুর করেছে, তাঁর জানা নেই৷ আবুল কালাম আজাদ ফোন না ধরায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি৷
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এ ঘটনায় জমিসংক্রান্ত বিষয় নিয়ে জটিলতা থাকতে পারে৷ এ কারণে মজিবুর রহমানকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে৷