চাঁদা না পেয়ে দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে চাঁদার টাকা না দেওয়ায় এক ব্যক্তির ওষুধের দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিশ্বা বাজারে গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে এই হামলার ঘটনা ঘটে।
হামলার আহত দোকানমালিক ও পল্লি চিকিৎসক নরোত্তম সরকারকে ওই দিন রাতেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নরোত্তম সরকার শুক্রবার রাতে ১০ জনকে আসামি করে মামলা করেছেন।
নরোত্তম সরকারের বাবা নলিনী কান্ত সরকার বলেন, গত ৩০ মার্চ এক ব্যক্তি মুঠোফোন থেকে নরোত্তমের মুঠোফোনে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। নরোত্তম তা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে অপহরণের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় ওই দিনই তিনি শেরপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
পরে বৃহস্পতিবার রাতে বিশ্বা বাজারে ওষুধের দোকানে বসে থাকা অবস্থায় একই গ্রামের মো. আলীমুদ্দিন ও সেকেন্দার আলীসহ কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে এসে চাঁদা না দেওয়ায় নরোত্তমকে গালিগালাজ করেন। তখনো তিনি টাকা দিতে অপারগতা জানালে দোকানে ভাঙচুর চালানো হয়। বাধা দিলে হামলাকারীরা নরোত্তমকে দোকান থেকে বের করে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় প্রায় এক লাখ টাকার ওষুধ লুটপাট করা হয়।
অভিযুক্ত আলীমুদ্দিন ও সেকেন্দারের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি।