চাঁদা চেয়ে না পেয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে গতকাল রোববার হামলা চালিয়ে ভাঙচুর করেছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ছেলে। পরে এ ঘটনার প্রতিবাদে ওই বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন। ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছেলে মো. সৈকত ওই হামলা চালান। এই বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, ডোয়াইল বাজারের সেলিনা ফার্মেসিতে গতকাল সকাল ১০টার দিকে সৈকত চাঁদা চেয়ে না পাওয়ায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তিনি সেলিনা ফার্মেসির মালিক হাছেন আলীকে মারধর ও তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে শ্রীকৃষ্ণ ফার্মেসিও তিনি ভাঙচুর করেন। এরপর বেলা ১১টার দিকে ওই বাজারের শতাধিক ব্যবসায়ী দোকান বন্ধ রেখে এ ঘটনার প্রতিবাদ জানান। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যবসায়ীরা দোকান খোলেননি। এ ব্যাপারে কথা বলতে নজরুল ও তাঁর ছেলে সৈকতের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান প্রথম আলোকে জানান, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।