চাঁদা না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নির্মাণাধীন ছাত্রীহলের কাজ গত শনিবার রাতে ছাত্রলীগ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া নির্মাণাধীন একটি ব্যায়ামাগারের কাজও বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪০ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় কলা অনুষদ ভবনের নির্মাণকাজ পায় ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কাছে এ টাকার ৩ শতাংশ হারে চাঁদা দাবি করে ছাত্রলীগ। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করে। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ সাংবাদিকদের বলেন, ‘নির্মাণাধীন হলের কাজ বন্ধ করে দেওয়ার কথা শুনেছি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’ ঠিকাদারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সুভাষ দাশ প্রথম আলোকে জানান, ‘বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ও উত্তর জেলা বিএনপির সদস্য নাজিম উদ্দীনের নির্দেশে তাঁর ভাগনি জামাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী আমাদের প্রতিষ্ঠানের কাছে তিন শতাংশ হারে চাঁদা দাবি করেন। অপারগতা প্রকাশ করায় নির্মাণকাজ বন্ধ করে দেন।’প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী শনিবার সন্ধ্যায় ক্যাম্পাসে ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়ে যান। পরে ওই রাতেই তাঁরা নির্মাণাধীন জননেত্রী শেখ হাসিনা হল ও ব্যায়ামাগারের নির্মাণকাজ বন্ধ করে দেন। অভিযোগ অস্বীকার করে ভিপি নাজিম উদ্দীন বলেন, ‘এ অভিযোগ সত্য নয়। আমি অনেক আগেই ঠিকাদারি ব্যবসা ছেড়ে দিয়েছি।’চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে এসব প্রকল্পের কাজ করা হচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা নির্মাণ বন্ধ করে দিয়েছেন। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সুভাষ দাশ বলেন, নির্মাণকাজের গুণগত মান তদারক করছে সেনাবাহিনী।প্রসঙ্গত, বর্তমানে ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জননেত্রী শেখ হাসিনা হল, জীববিজ্ঞান অনুষদের বর্ধিত ভবন, শারীরিক শিক্ষা অনুষদ ভবন, দ্বিতীয় কলা অনুষদ ভবনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ৮৯ কোটি টাকার কাজ চলছে। এর মধ্যে জননেত্রী শেখ হাসিনা হল ও ব্যায়ামাগার নির্মাণ করতে ১৯ কোটি টাকার কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল। ওই কাজের প্রায় ২৫ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটি ৪০ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় কলা অনুষদ ভবনের নির্মাণকাজও পায়।