চাঁদা না পেয়ে পেট্রলপাম্পে তালা
জামালপুরের সরিষাবাড়ীতে চাঁদা না পেয়ে চাঁদাবাজেরা ঝিনাই নামের একটি পেট্রলপাম্প ২৫ দিন ধরে তালাবদ্ধ করে রেখেছে। ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের মালিকদের জ্বালানির জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝিনাই পেট্রলপাম্প সূত্রে জানা গেছে, পৌরসভার কামরাবাদ এলাকায় অবস্থিত এই পাম্পের মালিকের কাছে গত ৩০ এপ্রিল রাতে একদল লোক ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ওই রাতেই পাম্পে তালা ঝুলিয়ে দেয় চাঁদাবাজেরা। শিমলা বাজারের মোটরসাইকেলের মালিক আবদুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন ধরে পেট্রলপাম্প বন্ধ থাকায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। ২৫ কিলোমিটার দূর থেকে পেট্রল কিনতে হয়।ঝিনাই পেট্রলপাম্পের মালিক পরেশ চন্দ হুমকির কারণে চাঁদাবাজদের নাম প্রকাশ করেননি। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।