চাঁদা না পেয়ে প্রকৌশলীকে পেটালেন চেয়ারম্যানপুত্ররা
নাটোরের গুরুদাসপুরে চাঁদা না পেয়ে মোবারক হোসেন নামের এক উপজেলা প্রকৌশলীকে মারধর করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল আজিজের ছেলে পিন্টু (৩০) ও সোহাগসহ (২৫) সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার নয়াবাজার বাসস্ট্যান্ড এলাকায় গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মোবারকের বাড়ি উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলি গ্রামে। মারধরের ঘটনায় মোবারক নিজে বাদী হয়ে শুক্রবার রাতে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন আবদুস সামাদ, মলাম, হাসু, রেজা ও সিরাজুল।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, বিরোধপূর্ণ জায়গায় স্থাপনা নির্মাণ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। তবে চাঁদা দাবির অভিযোগ সত্য নয়।
প্রত্যক্ষদর্শী আবু তালেব বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তিনি নয়াবাজার বাসস্ট্যান্ডে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা প্রকৌশলী মোবারককে একা পেয়ে ইট ও লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। মারধরের একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রনি নামের অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রকাশ্যে ওই প্রকৌশলীকে মারধর করা হলেও চেয়ারম্যানের ছেলেদের ভয়ে কেউ তাঁকে উদ্ধারে এগিয়ে যায়নি।
মামলার এজাহার ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, মোবারক কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। বাবা-মায়ের সঙ্গে দেখা করতে মাঝেমধ্যেই তিনি বাড়িতে আসেন। সম্প্রতি তিনি নয়াবাজার বাসস্ট্যান্ড এলাকায় তাঁর মায়ের জায়গায় স্থাপনা নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অপারগতা জানিয়ে স্থানীয় ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে মৌখিকভাবে অবগত করেন।
ধারাবারিষা ইউপির চেয়ারম্যান আবদুল মতিন মাস্টার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ব্যক্তিরা এলাকার প্রভাবশালী। বিরোধী দলের অবরোধ চলাকালে চেয়ারম্যানের বড় ছেলে মিন্টুকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে পুলিশ আটক করে। ওই মামলায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। এখন তিনি জামিনে রয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে আবদুল আজিজ বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিরা গা ঢাকা দেওয়ায় গ্রেপ্তার করা যাচ্ছে না।