চাঁদা না পেয়ে প্রবাসী দুই ভাইকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি করা চাঁদা না দেওয়ায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া বাজারে গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা প্রবাসী দুই ভাইকে কুপিয়ে জখম করেছে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের ইমরান তালুকদার (৪৫) ও তাঁর ভাই সবুজ তালুকদার (৪০) দীর্ঘদিন থেকে সৌদি আরবে থাকেন। গত ১৫ ডিসেম্বর তাঁরা দেশে আসেন। ২৫ ডিসেম্বর স্থানীয় সুমন তালুকদার, শামীম, মিরাজ তালুকদার, কুদ্দুসুর রহমান ওই দুই ভাইয়ের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে।
ইমরান তালুকদার বলেন, প্রথমে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। কিন্তু বিভিন্ন হুমকি দেওয়ায় গত ২২ ডিসেম্বর ২০ হাজার টাকা চাঁদা দেন। দাবি করা পুরো টাকা না দেওয়ায় চাঁদাবাজেরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ৬ জানুয়ারির মধ্যে বাকি ৮০ হাজার টাকা প্রদানের জন্য চাপ দেয়। অন্যথায় তাঁদের দেখে নেওয়ার হুমকি দেয়।
গত মঙ্গলবার সন্ধ্যায় ইমরান ও সবুজ চেঙ্গুটিয়া বাজারে গেলে সুমন, শামীম, মিরাজ, কুদ্দুসুর রহমান তাঁদের পথরোধ করে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র ও রড নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। তারা ইমরানকে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং সবুজকে পিটিয়ে আহত করে। হামলাকারীরা তাঁদের কাছ থেকে ৩৫ হাজার টাকা, একটি চেইন ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সুমন, শামীম, মিরাজ, কুদ্দুসুর রহমান চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছে। কুপিয়ে জখম করার কথা সত্য নয়।
তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন, ইমরানের মাথায় ১৪টি সেলাই দিতে হয়েছে।
এ ঘটনায় ইমরান তালুকদার চারজনকে আসামি করে গতকাল আগৈলঝাড়া থানায় মামলা করেছেন। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।