চাঁদা না পেয়ে বিয়েবাড়িতে হামলা, নিহত ১
সদ্য বিয়ের অনুষ্ঠান শেষ হওয়া একটি বাড়ি থেকে চাঁদার টাকা না পাওয়ায় সেই বাড়িতে হামলা চালিয়ে এক যুবককে হত্যা করেছে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোট সোহাগী গ্রামে আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
নিহত মনজু মিয়া (৩০) ছোট সোহাগী গ্রামের দুদু মিয়ার ছেলে। হামলায় দুই নারীসহ পাঁচজন আহত হন।
পুলিশ ও গ্রামবাসী জানান, গত ২৮ সেপ্টেম্বর নিহত মনজু মিয়ার চাচাতো বোন একই গ্রামের ধলু মিয়ার মেয়ে আলেফা বেগমের (২০) সঙ্গে ঢাকার বাসিন্দা আবদুর রাজ্জাকের বিয়ে হয়। এই বিয়েতে ছোট সোহাগী ইউনিটি ক্লাবের সদস্যরা মেয়ের বাবা ধলু মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু ধলু মিয়া চাঁদা দিতে অস্বীকার করায় তারা ক্ষিপ্ত হয়ে পরের দিন সদ্য বিবাহিত আলেফার স্বামী আবদুর রাজ্জাককে ধলু মিয়ার বাড়ি থেকে তুলে নিয়ে ক্লাবে আটকে রাখে। পরে ক্লাবের সদস্যদের আট হাজার টাকা দিয়ে নতুন জামাইকে ছাড়িয়ে আনেন ধলু মিয়া।
এদিকে, ক্লাবের সদস্যরা অবশিষ্ট ৪২ হাজার টাকা আদায়ের জন্য আজ শুক্রবার দুপুরে লাঠি ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ধলু মিয়ার বাড়ি ঘেরাও করে। একপর্যায়ে তারা ধলু মিয়ার ভাতিজা শরিফুল ইসলামকে (২৫) তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাঁদের এলোপাতাড়ি কোপানো হয়। এতে ধলু মিয়ার অপর ভাতিজা মনজু মিয়াসহ ছয়জন আহত হন। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মনজু মিয়া মারা যান। এই ঘটনার পর থেকে ক্লাবের সদস্যরা পলাতক।
এ ঘটনায় নিহত মনজুর বাবা দুলু মিয়া বাদী হয়ে ক্লাবের ১৮ জন সদস্যকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত মনজুর বাবা দুলু মিয়া কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে ওদের অন্যায় কাজে বাধা দিয়েছিল বলেই ওরা তাকে মেরে ফেলল। আমি এর বিচার চাই।’