চাঁদা না পেয়ে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদার দাবিতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গত শুক্রবার দিবাগত রাতে বোমা হামলা চালিয়েছে চাঁদাবাজেরা। বাজারের ব্যবসায়ী আবদুল কুদ্দুসের মালিকানাধীন ইউনাইটেড ট্রেডার্সে এই বোমা হামলা চালানো হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে ক্ষুব্ধ ব্যবসায়ীরা ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখেন। তাঁরা গাড়াগঞ্জ বাজার কমিটির ব্যানারে গাড়াগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ব্যবসায়ীরা ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ, বোমাবাজ সন্ত্রাসীদের আটকের দাবি জানান। পরে প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।
ব্যবসায়ী আবদুল কুদ্দুস জানান, চাঁদাবাজেরা বেশ কিছুদিন ধরে তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি এই টাকা দিতে অস্বীকার করেন। চাঁদাবাজেরা চাঁদা না পেয়ে শুক্রবার দিবাগত রাত একটার দিকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের শাটারে একটি বোমা ছোড়ে। বোমার আঘাতে শাটারটি ক্ষতিগ্রস্ত হয়। বোমা হামলার পরও চাঁদাবাজেরা তাঁর কাছে মুঠোফোনে ফোন করে চাঁদা দাবি করেছে।
গতকাল সকালে ঘটনা জানাজানি হওয়ার পর বাজারের ব্যবসায়ীরা একত্র হতে থাকেন। তাঁরা সকাল নয়টার দিকে বাজার ব্যবসায়ী সমিতির ব্যানারে সড়ক অবরোধ করেন এবং বাজারে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় ব্যবসায়ী নেতা জামাত আলী, আক্কাস আলী, ফারুক হোসেনসহ বেশ কয়েকজন বক্তব্য দেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, রাতেই তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।