গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় গত শনিবার রাতে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে। ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে টঙ্গী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সফি আহমেদ ওই ঘটনা ঘটান বলে অভিযোগ করে আদালতে মামলা করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রেলস্টেশন এলাকার জুতা ব্যবসায়ী তাজুল ইসলামের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগের নেতা সফি। চাঁদা দিতে অস্বীকার করায় সফি গত শনিবার রাত নয়টায় রেলস্টেশন এলাকায় তাজুলকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। পরে তাঁকে টঙ্গী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
তাজুল ইসলাম জানান, হামলার পর সফি এক সপ্তাহের মধ্যে দুই লাখ টাকা চাঁদা না দিলে এলাকা ছাড়া করার হুমকি দেন। এ ঘটনায় রাতেই তিনি টঙ্গী মডেল থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। বাধ্য হয়ে তিনি গাজীপুর আদালতে মামলা করেন।
এ ব্যাপারে ছাত্রলীগের নেতা সফি আহমেদ বলেন, হামলা ও চাঁদা চাওয়ার অভিযোগ সত্য নয়।
টঙ্গী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ মামলা না নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।