চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩
নরসিংদীতে চাঁদা না পেয়ে আবদুল কাদির (৫০) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে জেলা শহরের বড় বাজার গেঞ্জিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ আবদুল কাদির গেঞ্জিপট্টি এলাকার ‘তানিম’ নামের আবাসিক হোটেলের মালিক। তিনি বাদুয়াচুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিদেশি একটি রিভলবার, গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে রাসেল নামের এক তরুণ ওই হোটেলের আবদুল কাদিরের কক্ষে প্রবেশ করে তাঁর কাছে তিন হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই সময় তুষার ও শান্ত নামের দুজন হোটেলের নিচে অবস্থান করছিলেন। এদিকে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় কাদিরের বাঁ ঊরুতে গুলি করেন রাসেল। এ সময় কাদিরের চিৎকার শুনে হোটেলে অবস্থানকারী লোকজন ও কর্মচারীরা ছুটে এসে রাসেল ও ওই দুই ব্যক্তিকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ মিয়া বলেন, রাসেলের কাছ থেকে একটি গুলি, একটি খোসা এবং একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে। রাসেল দত্তপাড়া এলাকার সন্ত্রাসী বুলেট গ্রুপের সদস্য এবং দত্তপাড়া এলাকার রাকিব হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি। তবে গ্রেপ্তার হওয়া তুষার ও শান্ত নিজেদের নির্দোষ দাবি করে সাংবাদিকদের বলেন, ‘আমরা দুজনে ঝালমুড়ি খাইতে হোটেলের কাছে গেছিলাম। পরে শব্দ শুইনা দৌড় দিছি। এমনি মাইনষে আমগোরে ধইরে পুলিশের কাছে দিসে। আমরা কিছুই জানি না। আমরা কেয়া ডিজিটাল মিডিয়া সেন্টারে কাজ করি।’ ওই সেন্টারের মালিক ইউসুফ মিয়া তাঁদের দাবির সত্যতা স্বীকার করেছেন।