চাঁদা না পেয়ে ভর্তি ইচ্ছুককে সাক্ষাত্কার দিতে বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির জন্য সাক্ষাত্কার দিতে আসা এক ভর্তি-ইচ্ছুকের কাছ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক মিজানুর রহমান চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে। চাঁদা না পেয়ে ওই ভর্তি-ইচ্ছুককে সাক্ষাত্কার দিতে বাধা দেওয়া হয়।পরে এ ঘটনার প্রতিবাদ করায় ওই ভর্তি-ইচ্ছুক ছাত্রের স্থানীয় অভিভাবককে মারধর করেন মিজানুর রহমান। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেন অভিভাবক আজিম উদ্দিন।অভিযোগে বলা হয়, গতকাল কলা অনুষদের বি-৩ ইউনিটের অপেক্ষমাণ ভর্তি-ইচ্ছুকদের সাক্ষাত্কারের দিন ধার্য ছিল। ওই ইউনিটে ভর্তি-ইচ্ছুক রাহাত হোসেনের (রোল-৩৫৩১৭) কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন মিজানুর রহমান। এ সময় টাকা দিতে অস্বীকার করলে মিজানুর রহমান ও তাঁর সহযোগীরা রাহাত হোসেনকে সাক্ষাত্কার কেন্দ্রে প্রবেশে বাধা ও হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদ করলে রাহাত হোসেনের অভিভাবক ও রাজনীতিবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আজিম উদ্দিনকে মারধর করেন মিজানুর রহমান। মিজানুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘অপেক্ষমাণ তালিকায় নিচের দিকে থাকা আমার এক পরিচিত ভর্তি-ইচ্ছুককে সুযোগ দেওয়ার জন্য আমি রাহাতকে সাক্ষাত্কারে অংশ না নিতে অনুরোধ করেছিলাম। চাঁদা দাবির অভিযোগ মিথ্যা কথা।’ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, এক শিক্ষার্থী প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।