চাঁদা না পেয়ে ভাটায় হামলা বোমাবাজি, মালিককে হুমকি
ফেনীতে দাবি করা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গত বুধবার রাতে একটি ইটভাটায় হামলা ও বোমাবাজি করে ইটভাটার মালিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইটভাটার মালিক রুহুল আমিন ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, তিনি (রুহুল আমিন) কয়েক বছর ধরে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামে ‘রূপায়ণ ব্রিকফিল্ড’ নামে একটি ইটভাটা পরিচালনা করে আসছেন। কিছুদিন থেকে স্থানীয় দমদমা গ্রামের জালাল আহম্মদের ছেলে মোহাম্মদ আলী ওরফে জিন্নাহ ব্রিকফিল্ড কার্যালয়ে গিয়ে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছিল। ২৬ জানুয়ারি মোহাম্মদ আলী তার চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ব্রিকফিল্ড মালিকের কার্যালয়ে গিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় বাদীর ব্রিকফিল্ডের শ্রমিকদের মারধর করে এলাকাছাড়া করবে এবং ব্রিকফিল্ডের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। কিন্তু ইটভাটার মালিক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে মোহামঞ্চদ আলী ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ভাটার মালিককে মারধর করে। তাঁর চিৎকারে ইটভাটার শ্রমিক ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় সন্ত্রাসীরা ইটভাটা অফিসে আগুন দেওয়া এবং মালিককে হত্যার পর লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়।
বুধবার রাত আনুমানিক ১২টার দিকে সন্ত্রাসীরা ইটভাটার অফিসে গিয়ে মালিককে খোঁজাখুঁজি করে না পেয়ে অফিসে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় ইটভাটার শ্রমিকেরা টের পেয়ে এগিয়ে এলে সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়। তার পরও ইটভাটার মালিক ও শ্রমিকের মধ্যে আবারও সন্ত্রাসীদের হামলার ভয়ে আতঙ্ক দেখা দেয় এবং ইটভাটার উৎপাদন বন্ধ হয়ে যায়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ইটভাটা মালিকের লিখিত আভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তের জন্য স্থানীয় বোগদাদিয়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত মোহাম্মদ আলীর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।