চাঁদা না পেয়ে যুবদল নেতাকে অপহরণ
বরিশালের গৌরনদী উপজেলায় যুবলীগের নেতাদের দাবি করা এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় ধানডোবা গ্রামের ব্যবসায়ী ও যুবদলনেতাকে অপহরণ করে পিটিয়ে আহত করেছেন দুই যুবলীগনেতা ও তাঁদের সহযোগীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পাঁচ ঘণ্টা পর পুলিশ অপহূতকে উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকার যাত্রাবাড়ী এলাকার ব্যবসায়ী শাহজাহান ফকির ঈদ করার জন্য বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া বাজারের কাছে বার্থী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য শিমুল সরদার ও তাঁর সহযোগীরা শাহজাহানকে ঘেরাও করেন। তাঁরা শাহজাহানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে শিমুল ও তাঁর সহযোগীরা শাহজাহানকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যুবলীগনেতা শিমুল, নান্নু মৃধা ও তাঁদের ১০-১২ জন সহযোগী অস্ত্রের মুখে শাহজাহানকে অপহরণ করে নিয়ে যান। তাঁরা শাহজাহানকে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চৌদ্দমাদার বিলে নিয়ে তাঁর ওপর নির্যাতন চালান। এরপর অপহরণকারীরা শাহজাহানকে গৌরনদী উপজেলার নন্দনপট্টি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে গৌরনদী থানার পুলিশ ওই দিন রাত সাড়ে ১১টার দিকে শাহজাহানকে ওই বাড়ি থেকে উদ্ধার করে। তবে অপহরণকারীদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আহত যুবদলনেতা শাহজাহান ফকির তাঁর ওপর ফের হামলার ভয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন। যুবলীগনেতা ও ইউপি সদস্য শিমুল সরদার এবং নান্নু মৃধা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, শাহজাহানের সঙ্গে তাঁদের পূর্বশত্রুতা রয়েছে। তাই পুরোনো হিসাব মেটানো হয়েছে। গৌরনদী থানার এসআই অসীমকুমার সিকদার অপহরণের সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গৌরনদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়া যুবদলের নেতা শাহজাহানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন।