চাঁদা না পেয়ে রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের এক প্রবাসীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে তাঁর ছোট ভাই মিজানুর রহমানকে মারধর ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
মিজানুরকে (৩২) নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, গত ৩১ মার্চ তাঁর বড় ভাই হুমায়ুন কবির সৌদি আরব থেকে দেশে আসেন। তিনি বাড়িতে আসামাত্র স্থানীয় একদল সন্ত্রাসী তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বড় ভাই বিষয়টি থানায় জানিয়ে পুলিশ পাহারায় শ্বশুরবাড়িতে চলে যান।
মিজানুর বলেন, তাঁর বড় ভাই শ্বশুরবাড়ি চলে যাওয়ায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ির কাছের দোকান থেকে বাড়ি ফেরার পথে চার-পাঁচজন সন্ত্রাসী অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। তিনি জানান, সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। কিন্তু তিনি হাত দিয়ে অস্ত্র ধরে ফেললে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর সন্ত্রাসীরা তাঁকে বেধম মারধর করে এবং একপর্যায়ে মাটিতে শুইয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ও দুই পায়ের রগ কেটে দেয়।
বেগমগঞ্জ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে গতকাল বিকেল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।