চাঁদা না পেয়ে সাত লাখ টাকার মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঁদা না পেয়ে উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের একটি পুকুরে গত বৃহস্পতিবার বিষ ঢেলে সাত লাখ টাকার মাছ নিধন করেছে সন্ত্রাসীরা। এলাকাবাসী জানান, মোহাবেলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে রুপম মণ্ডল পৈতৃক সূত্রে পাওয়া ঘোড়ামারা গ্রামের একটি পুকুরে গত দুই বছর থেকে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছিলেন। ওই পুকুরে গত বুধবার গভীর রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। বৃহস্পতিবার সকাল থেকে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে।রুপম মণ্ডল জানান, ঈর্ষান্বিত হয়ে পার্শ্ববর্তী ফাঁসিতলা গ্রামের ঘারু ওরফে ছোটন মিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন চাঁদাবাজ তাঁর কাছে প্রায়ই চাঁদা দাবি করত। রুপমের দাবি, চাঁদা না পেয়ে ঘারু ও তার সঙ্গীয় চাঁদাবাজেরাই বিষ ঢেলে তাঁর পুকুরের মাছ মেরে ফেলেছে। এতে তাঁর সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ জানান, এ ঘটনায় ঘারু ওরফে ছোটন মিয়া, আমিরুল, ফজলু, শাহীন ও মিলনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।