চাঁদা না পেয়ে স্কুলশিক্ষিকাকে ঘর তুলতে বাধা
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর নবীনগর এলাকায় এক স্কুলশিক্ষিকার জমিতে ঘর তুলতে দিচ্ছে না সন্ত্রাসীরা। তারা সাইনবোর্ড ভাঙচুর করেছে। সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে দিন কাটছে শিক্ষিকার পরিবারের।এলাকাবাসীর অনেকে জানান, ফতুল্লার হরিহরপাড়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ফারজানা সুলতানা নবীনগর এলাকায় শ্রীদরদী মৌজায় ১৪৯২ নম্বর দাগে সাত শতাংশ জমি কেনেন। সেখানে তিনি দেয়াল নির্মাণ করে ভোগদখল করে আসছেন। ১২ সেপ্টেম্বর যুবলীগের নামধারী সন্ত্রাসী শফি, আবদুল হামিদ ও চান মিয়াসহ লোকজন এসে স্কুলশিক্ষিকা ফারজানা সুলতানার স্বামী দেলোয়ার হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাঁরা অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৪ সেপ্টেম্বর সন্ত্রাসীরা তাঁর জমির সাইনবোর্ড ভাঙচুর করে এবং রড, সিমেন্ট, ইট ও বালু লুটপাট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের দাবি করা চাঁদা না দিলে ওই জমিতে কোনো ঘর তুলতে দেওয়া হবে না বলে তারা হুমকি দিচ্ছে। এ কারণে স্কুলশিক্ষিকার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।ফারজানা সুলতানার স্বামী দেলোয়ার হোসেন জানান, ১৬ সেপ্টেম্বর চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সন্ত্রাসীরা তাঁদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এতে তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি অভিযোগ করেন।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।