চাঁদা না পেয়ে সড়কের ইট তুলে ফেলেছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গত সোমবার রাতে একটি গ্রামীণ সড়কের ইট তুলে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার সড়কটি পরিদর্শন করেন।

এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ইউপি ও এলাকাবাসী সূত্র জানায়, এলজিএসপি-২ প্রকল্পের আওতায় উপজেলার নববারপুর ইউনিয়নের দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে এক লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৩২০ ফুট ইট বিছানোর কাজ চলছে। কাজ শুরুর পর স্থানীয় কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করে। সোমবার রাতে জনৈক আরিফুল ইসলাম ইউপির চেয়ারম্যান জহিরুল আলমকে ফোন করে চাঁদা না দিলে ক্ষতি হবে বলে হুমকি দেন। চেয়ারম্যান চাঁদা দিতে অস্বীকার করলে রাতেই সড়ক থেকে প্রায় ছয় হাজার ইট তুলে সড়কের পাশে ফেলে রাখে।  গতকাল সকালে ইউপির চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যরা সেখানে গিয়ে সড়কের এ অবস্থা দেখে ইউএনওকে জানান।

আরিফুল ইসলাম চাঁদা দাবির কথা অস্বীকার করে বলেন, সরকারি কাজে চাঁদা চাওয়ার প্রশ্নই আসে না।

ইউএনও লুৎফুন নাহার প্রথম আলোকে জানান, তিনি সরেজমিনে পরিদর্শন করে সড়কে বিছানো ইট তুলে নিয়ে যাওয়ার সত্যতা দেখতে পেয়েছেন।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহামঞ্চদ আরজুন বলেন, অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।