চাঁদা না পেয়ে হামলা চালানোর অভিযোগ সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে শুভাঢ্যা ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, নাজির নামে এক ব্যক্তি ইট-সিমেন্ট ব্যবসায়ী ইকবালের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে ইকবালের মালিকানাধীন ইয়ামিন এন্টারপ্রাইজে হামলা চালিয়ে ভাঙচুর করেন নাজিরের লোকজন। খবর পেয়ে ইকবালের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ব্যবসায়ী ইকবাল বলেন, ‘চাঁদা না পেয়ে আমার দোকান ভাঙচুর করেছে সন্ত্রাসী নাজির। পরে এলাকাবাসী তাঁদের ধাওয়া করেন।’ অভিযোগ অস্বীকার করে নাজির বলেন, ‘আমি ব্যবসায়িক আলোচনা করতে ইকবালের দোকানে গিয়েছিলাম।’ দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।