চাঁদা না পেয়ে ৮৮টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তকিনগর গ্রামে এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক কলেজ অধ্যক্ষের ৮৮টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে।বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, উপজেলার তকিনগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেনের কাছে স্থানীয় কিছু সন্ত্রাসী সম্প্রতি এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা অধ্যক্ষের পারিবারিক তিনটি বাগানের উন্নত জাতের ৮৮টি আমগাছ বুধবার রাতে কেটে ফেলে। এক একর জমির ওপর সাত বছর আগে তিনি এসব গাছ রোপণ করেন। মকবুল হোসেন জানান, তাঁর কলেজের পাশে তিনি আরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নেওয়ায় এলাকার কিছু সন্ত্রাসী তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় বুধবার রাত ১১টার দিকে সন্ত্রাসীরা বাগানের গাছগুলো কাটতে থাকে। খবর পেয়ে বাগানের পাশে গিয়ে তারা চিৎকার করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বর্তমানে বাগানের ৯২টি গাছের মধ্যে মাত্র চারটি রয়েছে। মুকুল ধরা মাঝারি আকারের আমগাছগুলো কেটে ফেলায় পরিবারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।বাগানের আমগাছ কেটে ফেলার এ দৃশ্য দেখতে গতকাল সারা দিন এলাকার লোকজন সেখানে ভিড় করে। বাগাতিপাড়া থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। মকবুল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।