চাঁদা নিয়ে অবৈধ যানের বৈধতা দিল পৌরসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌর এলাকায় নছিমন, করিমন ও ভটভটি চলছে৷ পৌর কর্তৃপক্ষ চাঁদা আদায় করে এসব অবৈধ যান চলাচল করার বৈধতা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
তবে পৌরসভা কর্তৃপক্ষ দাবি করেছে, তারা অবৈধ যান থেকে নয়, বৈধ যান থেকে টাকা আদায় করছে। পৌর কর্তৃপক্ষের এ দাবি নাকচ করে দিয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুল ইসলাম জানান, সরকার মহাসড়ক ও পৌরসভায় অবৈধ নছিমন, করিমন ও ভটভটি চলাচল নিষিদ্ধ করেছে।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভা এসব অবৈধ যান থেকে চাঁদা আদায় করার জন্য চারটি স্থান আট লাখ টাকায় ইজারা দিয়েছে। এগুলো হলো তাহেরপুর িব্রজ, কলেজ মোড়, পাটহাটা মোড় ও নলডাঙ্গা সড়ক মোড়। এসব স্থান থেকে প্রতিদিন আড়াই শ-তিন শ ভটভটি এবং অর্ধশত সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইজারাদারের লোকজন প্রতিদিন প্রতিটি ভটভটি থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করে। রসিদ দিয়ে চাঁদা আদায় করা হয়। তবে মাঝেমধ্যে একাধিবার চাঁদা আদায় করা হয়৷ এ কারণে অনেক চালক ক্ষুব্ধ৷
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি আট লাখ টাকায় ইজারা নিলেও ১২ লাখ টাকায় রসুল মিয়া নামের এক ব্যক্তিকে সাবলিজ দিয়েছেন। সম্প্রতি এসব স্থানে গিয়ে চাঁদা আদায় করতে দেখা যায়।
রসুল মিয়া জানান, তিনি মূল ইজারাদারের কাছ থেকে ১২ লাখ টাকায় এক বছরের জন্য এসব স্থান সাবলিজ নিয়েছেন। তিনি দাবি করেন, চাঁদা নয়, তাঁরা পৌরসভার টোল আদায় করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক অভিযোগ করেন, পৌরসভার নামে দিনে একাধিকবার এবং পুলিশকে মাসিক চাঁদা দিতে হয়। টাকার বিনিময়ে পৌরসভা রসিদ দিলেও পুলিশ কোনো রসিদ দেয় না।
অবৈধ যান ভটভটি থেকে চাঁদা আদায়ের বিষয়ে তাহেরপুর পৌরসভার সচিব সিরাজুম মনির দাবি করেন, তাঁরা ভটভটি থেকে টাকা আদায়ের জন্য কাউকে ওই সব স্থান ইজারা দেননি। ওই স্থানগুলো বাসস্ট্যান্ড হিসেবে ইজারা দেওয়া হয়েছে। ভটভটিস্ট্যান্ড হওয়ার পরও কেন ওই সব স্থান বাসস্ট্যান্ড হিসেবে ইজারা দেওয়া হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য পৌরসভা অাদায় করায় তাঁরাও চাঁদার বিনিময়ে পৌর এলাকায় ভটভটি চলাচলের সুযোগ দিয়েছেন৷
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, পৌরসভা এলাকায় ভটভটি চলাচল নিষিদ্ধ। পুলিশের চাঁদা নেওয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
বাগমারার ইউএনও সাদেকুল ইসলাম জানান, মহাসড়ক ও পৌর এলাকায় ভটভটি চলাচল নিষিদ্ধ৷ তাঁরা জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণাও চালাচ্ছেন। চাঁদা নিয়ে ভটভটি চলাচলের সুযোগ করে দেওয়ার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা দেওয়া হবে।