চাঁদা নিয়ে ট্রাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে কনস্টেবল আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা আদায় নিয়ে পাবনার ঈশ্বরদীতে গতকাল সোমবার দুপুরে ট্রাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। ট্রাকচালককে মারধরের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা দাশুড়িয়া ট্রাফিক মোড়ে ঈশ্বরদী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।ট্রাকশ্রমিকেরা অভিযোগ করেন, ঈশ্বরদী থানার একদল পুলিশ ঈশ্বরদী-পাবনা-ঢাকা মহাসড়কের বহরপুর এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিল। দুপুর ১২টার দিকে দাশুড়িয়া এলাকার সুজন নামের এক ড্রাইভার ট্রাক নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁর কাছে চাঁদা দাবি করে। সুজন চাঁদা দিতে অপারগতা জানালে এক পুলিশ সদস্য তাঁকে মারধর করেন।এ খবর ছড়িয়ে পড়লে শতাধিক ট্রাকশ্রমিক দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকা অবরোধ করে রাখেন। এতে ঈশ্বরদী-ঢাকা এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামের পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হন। তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়। পরে সংঘর্ষের খবর পেয়ে ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পাবনা জেলা ট্রাকচালক ইউনিয়ন ঈশ্বরদী থানা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম জানান, তিনি সংঘর্ষ বা অবরোধের সময় ঘটনাস্থলে ছিলেন না। তাই চাঁদার খবর তাঁর জানা নেই। ট্রাকচালক সুজন জানান, পুলিশ তাঁর কাছে চাঁদা দাবি করে। ওসি বিমান কুমার দাস পুলিশের চাঁদাবাজির কথা অস্বীকার করে বলেন, দুজন ট্রাকচালক মহাসড়কে দাঁড়িয়ে কথা বলার সময় যানজটের সৃষ্টি হয়। সে সময় সেখানে দায়িত্বরত পুলিশ তাঁদের সরে যেতে বললে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে।