চাঁদা নেওয়ার অভিযোগে চার পুলিশ বরখাস্ত
মাদকের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগে গতকাল বুধবার দারুসসালাম থানার চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বরখাস্ত হওয়া সদস্যরা হলেন দারুসসালাম থানার এসআই কামরুল হাসান, এএসআই শ্যামল দাস বংশী, কনস্টেবল মোহাম্মদ ফয়েজ এবং কনস্টেবল কামরুল ইসলাম।
গতকাল রাতে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ চার পুলিশকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ডিএমপি সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাত আটটার দিকে মশিউর রহমান নামের এক ব্যবসায়ী কল্যাণপুর বাসস্ট্যান্ডে গাড়ির টিকিট কিনতে যান। এ সময় দারুসসালাম থানার টহল পুলিশের সদস্যরা তাঁর গতিরোধ করে তল্লাশি করেন। কিছু না পেয়ে মাদকের মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। মশিউর রহমান পুলিশ সদস্যদের ১০ হাজার টাকা ও সোনার গয়না দেন।