চাঁদা নেওয়ার সময় হাতেনাতে দুই ভুয়া সাংবাদিক গ্রেপ্তার
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় গতকাল সোমবার রাতে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের বিরুদ্ধে রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম (৩২) ও মো. হানিফ (৩৪)। র্যাব জানিয়েছে, তাঁদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৫০ হাজার টাকা, ক্যামেরা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাঁরা মিথ্যা প্রতিবেদন প্রকাশের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করতেন।র্যাব-১০-এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার এনায়েত কবীর জানান, এক ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে র্যাব ওই দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাঁরা নিজেদের সাংবাদিক বলে পরিচয় দিয়েছিলেন। তবে তাঁরা কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি।ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, ১০ মে জাহাঙ্গীর, হানিফ, খলিলসহ কয়েকজন তাঁকে ফোন করে নিজেদের মানবাধিকারকর্মী ও সাংবাদিক পরিচয় দিয়ে গুলিস্তান সুন্দরবন টাওয়ারে আসতে বলেন। ওই দিন সন্ধ্যায় তিনি সেখানে গেলে তাঁরা নবাবপুর রোডের একটি অফিসে তাঁকে নিয়ে যান। পরে তাঁরা তিন-চারটি অখ্যাত পত্রিকার প্রতিবেদনের ফটোকপি দেখিয়ে বলেন, ‘এগুলো আপনার বিরুদ্ধে রিপোর্ট। আমাদের ১০ লাখ টাকা না দিলে এ ধরনের রিপোর্ট আরও হবে।’ ওই সময় তাঁরা কিছু ভুয়া কাবিননামা দেখিয়ে তাঁর বিরুদ্ধে বহুবিবাহের প্রতিবেদন করা হবে বলে হুমকি দেন।রফিকুলের অভিযোগ, টাকা দিতে রাজি না হওয়ায় জাহাঙ্গীর ও তাঁর সহযোগীরা তাঁকে আটকে রাখার হুমকি দেন। তিনি নগদ ২০ হাজার টাকা দিয়ে এবং পরে দুই লাখ টাকা দেওয়ার আশ্বাস দিলে সে যাত্রায় মুক্তি পান। পরে তিনি র্যাব-১০-এর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। পরে র্যাব কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী ওই চাঁদাবাজদের সোমবার সন্ধ্যায় ঢাকা জেলা পরিষদের ফটকে আসতে বলেন রফিকুল। তাঁরা এলে বাবুল তাঁদের হাতে ৫০ হাজার টাকা দেন। সেখানেই র্যাবের সদস্যরা ওই দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেন। সোমবারই র্যাব তাঁদের সূত্রাপুর থানায় হস্তান্তর করে।সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আটক দুজনকে ঢাকা মহানগর হাকিমের আদালতে উপস্থাপন করা হলে হাকিম তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।