ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকার নবীনগর বাসস্ট্যান্ডে গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ম্যাক্সিতে যাত্রী তোলার পরই চালক নুরুল ইসলামের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেন ট্রাফিক পুলিশের কনস্টেবল আমির হোসেন। অনেক কাকুতি-মিনতির পর ১০০ টাকা হাতে গুঁজে দিয়ে চাবি ফেরত পান তিনি।নুরুল ইসলামের মতো আরও অনেক ম্যাক্সি ও লেগুনার (হিউম্যান হলার) চালককেই গতকাল নবীনগর বাসস্ট্যান্ডে চাঁদা দিতে হয়েছে ট্রাফিক পুলিশকে।হরতালের কারণে গতকাল ঢাকা-আরিচা মহাসড়কে স্বাভাবিকভাবে বাস চলাচল করেনি। কাজের প্রয়োজনে রাস্তায় বের হওয়া যাত্রীরা পড়েন বিপাকে। এসব যাত্রীদের পরিবহনের জন্য গতকাল ভোর থেকেই সাভারের নবীনগর বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকে ম্যাক্সি ও লেগুনা। বাসের বিকল্প হিসেবে এসব যানবাহনেই চলাচল করতে বাধ্য হয় যাত্রীরাও।কয়েকটি গাড়ির চালক অভিযোগ করেন, সকাল সাতটার আগেই নবীনগর বাসস্ট্যান্ডে আসেন কনস্টেবল আমির হোসেন। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি একের পর এক ম্যাক্সি ও লেগুনা আটক করে চালকদের কাছ থেকে চাবি নিয়ে নেন। পরে দালালদের মধ্যস্থতায় গাড়িপ্রতি ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা নিয়ে ছেড়ে দেন।পুলিশ ধরলেই প্রতিবাদ না করে চাঁদা দেন কেন জানতে চাইলে চালক ও মালিকেরা জানান, মানিকগঞ্জ, সাভার, ধামরাই ও আশুলিয়া এলাকায় চলাচলকারী ম্যাক্সি ও লেগুনা হিসেবে পরিচিত প্রায় সব ছোট গাড়ি রূপান্তরিত। মাইক্রোবাস কেটে আকার পরিবর্তন করে ম্যাক্সি ও লেগুনা বানানো হয়েছে। যা যানবাহন আইনে অবৈধ। এই আইনের আওতায় ফেলেই এসব যানবাহনের চালক ও মালিকদের পুলিশ হয়রানি করে থাকে। গাড়ির মালিক পরিচয় দিয়ে এ প্রতিবেদক মুঠোফোনে টাকা নেওয়ার কারণ জানতে চাইলে কনস্টেবল আমির হোসেন বলেন, ‘টেলিফোনে কী আর বলব ভাই, আসেন একসঙ্গে চা খাই আর কথা বলি। আমার সঙ্গে কথা না বললে ঝামেলায় পড়বেন।’পরে সাংবাদিক পরিচয় দিলে আমির হোসেন বলেন, ‘চাঁদা নয়, চা-পান খাওয়ার জন্য কিছু নিয়েছি আর কী।’ বিষয়টি সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক ফারুক হোসেনকে অবহিত করা হলে তিনি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।