চাঁদাবাজ-সন্ত্রাসীদের অত্যাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুটি গ্রামে গত এক সপ্তাহে গভীর নলকূপের চারটি ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তাহ দুয়েক ধরে উপজেলার মাটিহাস-শংকরবাক এলাকায় গভীর নলকূপের মালিকদের ওপর চাঁদাবাজদের অত্যাচার বেড়ে যায়। এর পর থেকে চাঁদাবাজ-সন্ত্রাসীদের ভয়ে ওই এলাকার গভীর নলকূপগুলোর মালিকেরা রাতে নলকূপ বন্ধ রাখছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মাটিহাস গ্রামের ছবদের আলীর একটি, শনিবার রইচ উদ্দিন মাস্টারের দুটি ও শুক্রবার রাতে শংকরবাক গ্রামের ছানা মিয়ার একটি গভীর নলকূপের ঘর জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছানা মিয়া বলেন, ‘চোর-ডাকাতের ভয়ে রাতে মিশিন চালাতে পারি না। এমনকি বাইরে বের হওয়া পর্যন্ত যায় না। গভীর নলকূপের পুড়ে যাওয়া যন্ত্রাংশগুলো মেরামত করতে দেড় লক্ষাধিক টাকা খরচ হচ্ছে।’ মাটিহাস গ্রামের কৃষক বছির উদ্দিন প্রামাণিক ও মজিদ প্রামাণিক বলেন, ‘আর ১৫ দিন গভীর নলকূপ চললে হামাগেরে ইরির ধানগুলা পানির সমস্যা হতো না। এখন হামরা বিপদে আছি।’ সন্ত্রাসীদের ভয়ে এ ব্যাপারে ওই এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে চাচ্ছেন না। সোমবার উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন ওই এলাকার কৃষকদের গভীর নলকূপে চাঁদাবাজি প্রতিরোধের দাবি জানান। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টি আইনশৃঙ্খলা কমিটিতে আলোচনা হয়েছে।