প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ফেনীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো ঘটনা মাথাচাড়া দিয়ে উঠেছে। যুবসমাজ মাদকের দিকে ঝুঁকছে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা যে দলেরই হোক ছাড় দেওয়া যাবে না।
গতকাল রোববার ফেনী শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, একসময় দেশে-বিদেশে ফেনীবাসীর সুনাম ছিল। ফেনীর সুনাম রক্ষায় সবাইকে কাজ করতে হবে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু দাউদ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায়, ফেনী ইউনিভার্সিটির উপাচার্য ফসিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা মো. শহীদুল ইসলাম ও অধ্যক্ষ দিলারা আক্তার।