চাঁদাবাজ সন্দেহে গণপিটুনি পুলিশ হেফাজতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাটে মো. মাহাবুল (২৫) নামের এক যুবককে চাঁদাবাজ সন্দেহে গত রোববার দুপুরে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পুলিশ হেফাজতে সোমবার সকাল সাতটায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলা করেছে।মাহাবুল সদর উপজেলার আলামপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের আজগর আলীর ছেলে। পরিবারের অভিযোগ, চাঁদাবাজি নয়, পূর্বশত্রুতার কারণে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। মৃত্যুর জন্য পুলিশের গাফিলতি ও যোগসাজশ রয়েছে।কুষ্টিয়া মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুুল আজিজ প্রথম আলোকে জানান, সদর উপজেলার কবুরহাট দোস্তপাড়ার হালিমা রাইচ এজেন্সির স্বত্বাধিকারী আলমগীর হোসেনের কাছে ২ জানুয়ারি রাতে মাহাবুল মুঠোফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। রোববার বিকেলে মাহাবুল চাঁদা আনতে গেলে গণপিটুনির শিকার হন। পুলিশ তাঁকে বিকেল চারটার দিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেয়। রাত পৌনে ১১টার দিকে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মাহাবুলের চাচা ইউপি সদস্য আনোয়ার আলী মণ্ডল অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় একটি চক্র পুলিশের সহায়তায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে। মাহাবুলকে সঠিক চিকিৎসা না দিয়ে থানায় সাত ঘণ্টা রেখে দেওয়া হয়। এর মধ্যে সন্ধ্যা ছয়টার দিকে থানায় মাহাবুলকে তিনি দেখতে যান। রাত আটটার দিকে মাহাবুল থানার মধ্যে একবার বমি করেন। অবস্থা খারাপ দেখে হাসপাতালে ভর্তি করার কথা বললেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।কুষ্টিয়া মডেল থানার এসআই আবদুল আজিজ জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাহাবুলকে ছেড়ে দেন। পরে তাঁকে থানায় নেওয়া হয়। তবে রোববার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসক আবুল হাসনাত জানান, মাহাবুলের পায়ে ভোঁতা অস্ত্রের জখমের চিহ্ন ও নাকের পাশ দিয়ে রক্ত ঝরছিল। শরীরের প্রায় সব জায়গায় মারধরের চিহ্ন দেখা গেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তির কথা বলা হয়। কিন্তু পুলিশ ভর্তি না করে আসামি ধরার কথা বলে নিয়ে যায়। হালিমা রাইচ এজেন্সির মালিক আলমগীর হোসেনের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। তাঁর ছোট ছেলে শাহিন হোসেন বলেন, চাঁদার টাকা তিনি নিজ হাতে দিতে যান। টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লে স্থানীয় জনতা মাহাবুলকে গণপিটুনি দেয়। কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, মাহাবুলের পরিবারের দাবি ঠিক নয়। তিনি এলাকার চিহ্নিত চাঁদাবাজ। এমনকি চরমপন্থী সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে।