চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনতা জয়পুরহাট-পাঁচবিবি সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে।চাঁদাবাজেরা চাঁদার দাবিতে পুরানাপৈল বাজারের ব্যবসায়ী এমরান হোসেনকে (২১) কুপিয়ে গুরুতর জখম করেছে। গুরুতর অবস্থায় বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার দুই ভাই এরশাদ হোসেন ও ইমরান হোসেন কিছুদিন আগে পুরানাপৈল বাজারে একটি মুদি দোকান দেন। ওই এলাকার চিহ্নিত জয় তরুণ গত মঙ্গলবার দুপুরের দিকে ওই দোকানে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা এরশাদ হোসেনকে মারপিট করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে দুপুর দুইটার দিকে ওই চক্রটি আবার দোকানে গিয়ে এমরান হোসেনকে ২০ হাজার টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দেয়। এমরান হোসেন চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে বেদম মারপিট করে।গুরুতর আহত এমরান হোসেনকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা ওই দিনই তাঁকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে এমরানকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার প্রতিবাদে এবং ওই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে পুরানাপৈল বাজারের ব্যবসায়ী ও স্থানীয় দুই সহস্রাধিক জনতা জয়পুরহাট-পাঁচবিবি সড়কের পুরানাপৈল বাজারের কাছে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত সড়ক অবরোধ করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মকবুল হোসেন, এএসপি (সার্কেল) কানাই লাল সরকারসহ থানার পুলিশ গিয়ে ওই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।পুরানাপৈল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নিখিলচন্দ্র মণ্ডল বলেন, সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ী ও স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে। এ সময় পুলিশ কর্মকর্তারা চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। বাজারের ব্যবসায়ী আবুল হাসনাত, লুৎফর রহমান, মোশারফ হোসেন ও সাবেক ইউপি সদস্য মোজামেঞ্চল হক জানান, ওই সব সন্ত্রাসীদের দাপটে ব্যবসায়ী ও স্থানীয় জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বলেন, আহত এমরান হোসেনের পরিবার তাঁর চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এখনো মামলা করেনি। তবে পুরানাপৈল এলাকার ওই চাঁদাবাজরা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।এর আগে তাদের একাধিকবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছিল। পরে তারা জামিনে বের হয়ে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজ করছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।