চাঁদাবাজদের প্রতিরোধ করার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরতলির বাদাঘাটে অর্থমন্ত্রীর ‘অগ্রাধিকার প্রকল্প’ কেন্দ্রীয় কারাগার স্থানান্তরে মাটি ভরাটকাজে চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বৃহত্তর বাদাঘাট এলাকাবাসী। গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ক্ষুব্ধ এলাকাবাসী এই আহ্বান জানান। শুক্রবার বাদাঘাটের সোনাতলা বাজারে ‘কারাগার বাস্তবায়ন সংগ্রাম কমিটি’র সমাবেশে পুলিশি বাধার প্রতিবাদে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বাদাঘাট এলাকার মুরব্বিসহ বিভিন্ন পেশাজীবীরা একাত্ম হন। তাঁরা দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন।প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা মতবিনিময় সভায় অভিযোগ করা হয়, জালালাবাদ থানার পুলিশকে একটি দলাল চক্র প্রতিনিয়ত ব্যবহার করছে। থানার দালালদের চিহ্নিত করে ‘দালাল খেদাও আন্দোলন’ যুগপৎভাবে শুরু করার পক্ষে মতবিনিময় সভায় মতৈক্য হয়। কারাগারের মাটি ভরাটকাজের ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে মতবিনিময় সভায় বলা হয়, অর্থমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন হলে বাদাঘাটের আর্থসামাজিক উন্নয়ন হবে। কিন্তু এ উন্নয়ন একটি গোষ্ঠীর জন্য গাত্রদাহ হয়ে পড়েছে। ক্ষমতার বলে চাঁদা দাবি করা হচ্ছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও প্রকল্পের ৯০ ভাগ কাজ শেষ করার পর এখন চাঁদাবাজ চক্র বেপরোয়া হয়ে উঠেছে। চাঁদাবাজ চক্র শাসক দলকে ব্যবহার করার পাঁয়তারা করছে। তাই গণপ্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকার মুরব্বি নিয়ামত উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এলাকার প্রবীণ ইনতাজ মিয়া, তমিজ আলী, মাসুক মিয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মনিরউদ্দিন, সংগ্রাম কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আমির আলী, ঠিকাদার প্রতিষ্ঠানের অংশীদার সিলেটের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নূরে আলম সিরাজী প্রমুখ। সিলেট নগর থেকে কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের পরিকল্পনায় বাদাঘাটে গণপূর্তের অধীন মাটি ভরাটকাজ গত ২৯ জুন শুরু হয়। নানা অজুহাতে একটি চক্র প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিল।