চাঁদাবাজদের ভয়ে সাত মাস পালিয়েও বাঁচতে পারলেন না
সাত মাস পালিয়ে থেকেও সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে পারেননি নাটোরের সিংড়া উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের গৃহবধূ আছিয়া বেগম (৪০)। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা সোমবার রাতে তাঁকে কুপিয়ে হত্যা করে।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, কুখ্যাত সন্ত্রাসী আবু বক্কার কাশিয়াবাড়ির আজাহারের কাছ থেকে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে না পেরে আজাহার সাত মাস আগে সপরিবারে পাশের গ্রাম কলমে গিয়ে আশ্রয় নেন। সোমবার রাত আটটার দিকে তাঁর স্ত্রী আছিয়া বেগম গোপনে নিজ বাড়িতে আসেন। খবর পেয়ে আবু বক্কার তার সন্ত্রাসীদের নিয়ে ওই বাড়িতে এসে চাঁদার টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে সন্ত্রাসীরা ওই গৃহবধূকে কুপিয়ে হত্যা করে। রাতেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বামী আজাহার আলী বাদী হয়ে বক্কারসহ নয়জনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেছেন। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। ওসি আবুল কালাম বলেন, আবু বক্কার একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ চাঁদাবাজি ও ডাকাতির ১৬টি মামলা রয়েছে। কিছুদিন আগে সে জেল থেকে বের হয়েছে।