চাঁদাবাজদের হামলার মুখে সেতুর নির্মাণকাজ বন্ধ
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বুধবার দুপুরে চাঁদাবাজদের হামলার মুখে একটি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। হামলায় তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। চাহিদামাফিক চাঁদা না পেয়ে ঠিকাদার ও শ্রমিকদের ওপর ওই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামস উদ্দিন বলেন, ‘আমি ঠিকাদারের কাছ থেকে চাঁদা নিয়ে মাদকসেবী এই চাঁদাবাজদের দিয়েছি। তাদের অত্যাচারে আমার অতিষ্ঠ।’সেতুর ঠিকাদার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা এলাকায় যমুনার শাখা নদীর ওপর ২৫ লাখ টাকা ব্যয়ে ৩৬ মিটার দীর্ঘ একটি সেতুর নির্মাণকাজ চলছে। ঠিকাদার খোরশেদ আলম বলেন, ‘ওই চক্রটিকে তিন দফায় ২৫ হাজার টাকা চাঁদা দিয়েছি। গতকাল তারা আমার কাছে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তারা আমার ওপর চড়াও হলে শ্রমিকেরা এগিয়ে আসেন। তারা শ্রমিকদের ওপর হামলা করে। এতে শ্রমিক শামীম মিয়া (৩০), আলমগীর (২৫) ও হাবু মিয়া গুরুতর আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার পর সেতুর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি।’ সরিষাবাড়ী থানার ওসি কামরুল আহসান জানান, এ ব্যাপারে শামীম মিয়া গতকাল মনি মিয়াকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ ব্যাপারে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও মনি মিয়াকে পাওয়া যায়নি।