চাঁদাবাজদের হামলায় সাবেক কৃষি কর্মকর্তার মৃত্যু
মানিকনগরে চাঁদাবাজদের হামলায় আহত সাবেক কৃষি কর্মকর্তা আবদুস শুক্কুর (৬১) গত মঙ্গলবার রাতে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মারা গেছেন। তিনি ফার্মগেট-সংলগ্ন খামারবাড়িতে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাদ্যশস্য বিভাগের অবসরপ্রাপ্ত উপপরিচালক।
পুলিশ এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, সাবেক কৃষি কর্মকর্তা শুক্কুর ২৯২ দক্ষিণ মুগদাপাড়ায় জমি কিনে ভবন নির্মাণের কাজ করছিলেন। গত রোববার তিনি তিন লাখ টাকা নিয়ে নির্মাণসামগ্রী কিনতে যাচ্ছিলেন। এ সময় মানিকনগরের ৬ নম্বর ভবনের সামনে আট-দশজন সন্ত্রাসী শুক্কুরের পথরোধ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁকে বেধড়ক পিটিয়ে তাঁর কাছে থাকা তিন লাখ টাকা নিয়ে যায়। সেখান থেকে আহত অবস্থায় শুক্কুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ত্রাসী হামলায় তাঁর রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে শেরেবাংলা নগরের জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মর্গে শুক্কুরের ভায়রা সালামতউল্লাহ বলেন, সোহরাবসহ হামলকারীরা স্থানীয় চাঁদাবাজ। তারা শুক্কুরের জমি দখল করতে না পেরে তাঁর কাছে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না পেয়ে তারা শুক্কুরের জমিতে নির্মাণকাজও বন্ধ করে দিয়েছিল।
মুগদা থানার ওসি এনামুল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, হামলাকারীরা শুক্কুরের জমি তাদের বলে দাবি করে আসছিল। এ নিয়ে আদালতে মামলা-মোকদ্দমা রয়েছে। ১৭ এপ্রিল রাতে হাসপাতালের বিছানায় শুক্কুর এজাহার লিখে থানায় পাঠিয়েছিলেন। সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলায় সোহরাব ও অজ্ঞাত আট-দশজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারী অন্যদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
শুক্কুরের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার শষলীপাড়ায়। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।