চাঁদাবাজমুক্ত নগর গড়তে মনজুরকে ভোটের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনজুর আলমের পক্ষে গতকাল পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে গণসংযোগ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী l ছবি: প্রথম আলো
মনজুর আলমের পক্ষে গতকাল পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে গণসংযোগ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী l ছবি: প্রথম আলো

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নগর গড়তে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে কমলালেবু মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে গণসংযোগকালে এ আহ্বান জানান নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী।
মনজুর আলম গতকাল গণসংযোগে বের হননি। তিনি তাঁর কাট্টলীর বাসায় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মনজুর আলমের ছেলে সরওয়ার আলম বলেন, ছোট চাচা গুরুতর অসুস্থ থাকায় গণসংযোগে বের হননি তাঁর বাবা। তবে বাসায় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা লোকজনের সঙ্গে মতবিনিময় করেছেন।
মনজুর আলমের পক্ষে ভোট চেয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মনজুর আলমকে আবার নির্বাচিত করতে হবে। গত পাঁচ বছরে অতীতের চেয়ে বেশি চট্টগ্রাম সিটি করপোরেশনে উন্নয়ন হয়েছে। দলমতের ঊর্ধ্বে উঠে মনজুর আলম সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত রেখেছেন।
পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের নসুমা লেইন, মাঝিরঘাট, সাহেবপাড়া, দারোগারহাট, কামালগেট এলাকায় গতকাল গণসংযোগ করেন আমির খসরু। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলম, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি মসিউর রহমানসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা। এর আগে আমির খসরু নগরের মেহেদীবাগে তাঁর বাসায় ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তখন বর্তমানের সরকারের খুন, গুম ও হত্যা নির্যাতনের প্রতিবাদে ২৮ এপ্রিল কমলালেবু মার্কায় ভোট দিয়ে মনজুর আলমকে জয়যুক্ত করার আহ্বান জানান। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গতকাল নগরের খুলশী, রামপুরা ও শুলকবহর এলাকার নেতা-কর্মীদের নিয়ে তাঁর কাজীরদেউড়ীর বাসায় বৈঠক করেন। বৈঠকে এই তিনটি এলাকার কেন্দ্রভিত্তিক কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রগুলোতে কে কোন দায়িত্ব পালন করবেন তা-ও বণ্টন করে দেওয়া হয়।
আবদুল্লাহ আল নোমান নেতা–কর্মীদের সতর্ক করে বলেন, গণরায় ধরে রাখার জন্য ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে। ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যায়নি। এবার বিএনপির গণজোয়ার দেখে সরকার আতঙ্কিত হয়ে গেছে। তাই ভোটকেন্দ্রে পাহারা দিতে হবে।