চাঁদাবাজি ও মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বাস টার্মিনালে টোলের নামে চাঁদাবাজি এবং মহাসড়কে গাছ দিয়ে অবরোধ সৃষ্টির অভিযোগে গত বৃহস্পতিবার রাতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে ফেনী থানায় একটি মামলা করেছে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শহরের সোনাগাজী বাস টার্মিনালের পাশে তুলাবাড়ীয়া সড়কের মাথা নামক স্থানে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়কালে ডিবি পুলিশ আরিফ (২২) নামে একজনকে গ্রেপ্তার করে। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা ফেনী-সোনাগাজী ও ফেনী-কুমিল্লা সড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু কিছু শ্রমিক রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল ও খাইয়ারা নামক স্থানে গাছের গুঁড়ি ফেলে আবারও অবরোধ সৃষ্টি করেন। এ সময় প্রায় ৩০ মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে এবং যানজটের সৃষ্টি হয়।পুলিশ সুপার মো. ইমাম হোসেনের নেতৃত্বে পুলিশ মহাসড়কে অবরোধ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়। পুলিশ মহাসড়কে অবরোধ সৃষ্টিকারীদের ধাওয়া করে আটজনকে আটক করে। এরা হলেন—একরামুল হক (২৪), মো. জসিম (২৫), মোশারফ হোসেন (২৩), বেচু মিয়া (২৪), দুলাল (২৪), মো. আবুল বাশার (২৩), তাজুল ইসলাম ওরফে মানিক (২৪), ও নজরুল ইসলাম (২৫)। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) দোলন বিশ্বাস বাদী হয়ে চাঁদাবাজি ও পুলিশের কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে ১৩ জনের নাম উল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাত পরিচয় উল্লেখ করে ফেনী থানায় একটি মামলা করেছেন।গতকাল শুক্রবার আটক ব্যক্তিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।মামলার বাদী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) দোলন বিশ্বাস সড়কে চাঁদাবাজি ও মহাসড়কে অবরোধ সৃষ্টির অভিযোগে আটজনকে গ্রেপ্তার এবং মামলা করার সত্যতা নিশ্চিত করেছেন।