চাঁদাবাজি করে নার্সদের সমাবেশ একটি অংশের বর্জনের সিদ্ধান্ত
নার্সদের সংগঠন ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে, ১৬ জুলাই সমাবেশকে সামনে রেখে চাঁদাবাজি চলছে। সংগঠনটি সমাবেশ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ১৬ জুলাই নার্স সমাবেশের আয়োজন করেছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে। সেবা পরিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কাজী মোস্তফা সারোয়ার গত ২৭ জুন এ সমাবেশে সার্বিক সহযোগিতার জন্য নার্সিং সংশ্লিষ্টদের কাছে চিঠি দেন। আর এ চিঠিকে সামনে রেখে চলছে চাঁদাবাজি।সংগঠনের সভাপতি মো. শাহজাহান হাওলাদার বলেন, তাঁদের সংগঠন সেবা পরিদপ্তরে চাঁদাবাজির কথা জানিয়ে চিঠি দিয়েছে, কিন্তু লাভ হয়নি। সমাবেশে তাঁকে সম্পৃক্ত না করায় সংগঠন সমাবেশ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের মহাসচিব হাছনা বেগম বলেন, বদলি ও চাকরিচ্যুতির ভয় দেখিয়ে জনপ্রতি ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হয়েছে। ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরা এ চাঁদা দিতে অস্বীকার করায় তাঁদের কাছ থেকে জরিমানাসহ দুই হাজার টাকা আদায় করা হচ্ছে।সংবাদ সম্মেলনে চাঁদা নেওয়ার প্রমাণ হিসেবে ৭ জুলাই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট হেনা রানী সাহা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির কপি সাংবাদিকদের দেওয়া হয়।মুঠোফোনে যোগাযোগ করা হলে হেনা রানী সাহা বলেন, ‘সেবা পরিদপ্তরের পরিচালক কাজী মোস্তফা সারোয়ার স্বাক্ষরিত চিঠি পেয়ে দোটানায় পড়ে যাই। আশপাশের হাসপাতাল ও সেবা পরিদপ্তরে ফোন করে প্রতিষ্ঠানের নার্সদের জনপ্রতি ৫০০ টাকা করে ওয়ার্ড ইনচার্জদের কাছে জমা দেওয়ার অনুরোধ জানাই। এটা অন্যায় হয়েছে কি না, বুঝতে পারছি না।’এ প্রসঙ্গে পরিচালক কাজী মোস্তফা সারোয়ার টেলিফোনে প্রথম আলোকে বলেন, এটি সরকারি কোনো অনুষ্ঠান নয়। নার্সদের সমাবেশে প্রধানমন্ত্রী আসবেন। ডিপ্লোমা নার্সদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়ায় নার্সরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন। তিনি বলেন, ‘পরিচালক হিসেবে সমাবেশ সফল করার জন্য সার্বিক সহযোগিতা পেতে চিঠি দিয়েছি। একটি সমাবেশ করতে হলে প্রচুর টাকার প্রয়োজন। নার্সরা সে খরচ তোলার জন্য নিজেদের মধ্য থেকেই টাকা ওঠাচ্ছেন। বিষয়টি চাঁদাবাজি হিসেবে দেখার কোনো সুযোগ নেই।’