অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজি, খুন ও অপহরণ বন্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চুক্তির প্রায় দুই দশক হতে চললেও পাহাড়ে খুন, গুম, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। পাহাড়ি-বাঙালি সবার জীবন সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে পাহাড়ের সন্ত্রাসীদের দমন করা সম্ভব।
‘নিপীড়িত ও নির্যাতিত পার্বত্যবাসীর’ ব্যানারে গতকাল রোববার এই সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রামের বাঙালি সংগঠনগুলো। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পাহাড়ে বিভিন্ন হত্যাকাণ্ড নিয়ে মানবাধিকার সংগঠনগুলো রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে।
গতকাল বেলা ১১টায় রাঙামাটি শহরের পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি কাঁঠালতলী, বনরুপা, হ্যাপীর মোড়, নিউমার্কেট, দক্ষিণ কালিন্দীপুর ও শিল্পকলা একাডেমি সড়ক ঘুরে শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানেই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
পার্বত্য নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক নূরজাহান বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কামাল, বাঙালি ছাত্র পরিষদের উপদেষ্টা মো. ইয়াকুব আলী চৌধুরী, পার্বত্য গণপরিষদের সভাপতি মো. পারভেজ তালুকদার, বাঙালি ছাত্র পরিষদের নেতা মো. সাহাদাৎ ফরায়জী, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
সমাবেশকে কেন্দ্র করে গতকাল সকাল ১০টা থেকে রাঙামাটি শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। বেলা আড়াইটার দিকে সমাবেশ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। শহরের শিল্পকলা একাডেমির সামনে বেলা সাড়ে ১১টায় কথা হয় মহেন্দ্র চাকমা ও রিপন চাকমার সঙ্গে। তাঁরা বলেন, গাড়ি না চলায় শহরের বাইরের ভেদভেদি এলাকা থেকে শিল্পকলা পর্যন্ত দুই কিলোমিটারের বেশি পথ হাঁটতে হয়েছে তাঁদের। সমাবেশের কারণে গাড়ি চলছে না।
তবে সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কামাল প্রথম আলোকে বলেন, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচলে বাধা দেওয়া হয়নি। সমাবেশে অতিরিক্ত মানুষ হওয়ায় সড়কে যান চলাচলের একটু ব্যাঘাত ঘটেছে। এ কারণে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ বলেন, শহরের পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক ছিল। সাদা পোশাকেও পুলিশ মাঠে নিয়োজিত ছিল। পুলিশকে রাঙামাটির মানুষ সহযোগিতা করায় শহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানবাহন না চলার বিষয়ে তিনি বলেন, সমাবেশে অতিরিক্ত মানুষ হওয়ায় যাতায়াতে সমস্যা হয়েছে।
এদিকে গতকাল সকাল ১০টার দিকে রাঙামাটি শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ঘাগড়া কলেজের সামনে সমাবেশে আসা লোকজন একটি দোকান ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। জায়গাটি কাউখালী উপজেলায় পড়েছে। দোকানের মালিক শান্তি মনি চাকমা অভিযোগ করেন, ভাঙচুরের সময় তাঁর দোকানে থাকা দুই স্কুলছাত্রকে মারধর করা হয়েছে।
কাউখালী থানার ওসি রেজাউল করিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সমাবেশে যোগ দিতে যাওয়া একটি গাড়িতে কে বা কারা ঢিল ছুড়ে মারে। পরে লোকজন গাড়ি থামিয়ে একটি দোকান ভাচুর করে। ক্ষতিগ্রস্ত দোকানমালিককে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছেন তাঁরা।