চাঁদাবাজি, টোল আদায় বন্ধের দাবিতে মিছিল, সড়ক অবরোধ
চাঁদাবাজি ও টোল আদায় বন্ধের দাবিতে গাইবান্ধা শহরে গতকাল মঙ্গলবার দুপুরে মিছিল করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। মিছিলের একপর্যায়ে তাঁরা শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে সমবেত হন। সেখানে তাঁরা প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধ করে চাঁদাবাজি ও টোল আদায় বন্ধের দাবিতে স্লোগান দেন। পরে পুলিশের হস্তক্ষেপে তাঁরা অবরোধ তুলে নেন।
দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা শহরের নতুন ব্রিজ থেকে মিছিলটি বের হয়। এতে প্রায় ২০০ জন অটোরিকশা চালক অংশ নেন। শহর প্রদক্ষিণ ও সড়ক অবরোধ শেষে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ হয়। পরে চালকেরা পৌরসভা কার্যালয়ে গিয়ে মেয়রের কাছে এসব দাবি তুলে ধরেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অটোরিকশা চালক অভিযোগ করেন, পৌরসভা এলাকায় ঢুকতে অন্তত ছয়টি স্থানে লাঠি হাতে অটোরিকশাপ্রতি ২০ টাকা টোল আদায় করছে। অটোরিকশা মালিক সমিতিকেও অটোরিকশাপ্রতি দৈনিক ১০ টাকা দিতে হচ্ছে। ঈদ উপলক্ষে তিন গুণ বেশি হারে টোল আদায় করা হচ্ছে। টাকা না দিলে অটোরিকশা আটকে রাখা হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজি চলছে।
গাইবান্ধা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক মুকুল মোল্লা বলেন, পৌর এলাকায় ঢুকতেই অটোরিকশাপ্রতি ২০ টাকা টোল আদায় করা হচ্ছে। এ ছাড়া অটোরিকশা রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে। পাশাপাশি অটোরিকশা মালিক সমিতিকেও চাঁদা দিতে হচ্ছে। এখন শহরে অটোরিকশার সংখ্যা বেড়েছে। সারা দিন অটোরিকশা থেকে দৈনিক যে আয় হয়, তা দিয়ে মালিকের ভাড়া দেওয়ার পর সংসার চলে না। উপরন্তু টোল প্রদান বাড়তি চাপ।
এ প্রসঙ্গে গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর বলেন, ‘পৌরসভাকে টোল প্রদানের অঙ্গীকার করেই ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা রেজিস্ট্রেশন নিয়েছেন। তাঁরা গতকাল আমার কাছে রাস্তাঘাটে অবৈধ চাঁদাবাজি বন্ধের আবেদন জানিয়েছেন। টোল আদায় বন্ধ বা রেজিস্ট্রেশন ফির বিষয়ে কোনো দাবি জানাননি।’