সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী গাড়িতে তল্লাশি করা যাবে না—এ ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা। যদি মাদকসহ অন্য কিছু থাকার অভিযোগ থাকে তাহলে সহকারী পুলিশ সুপার (এএসপি) অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে গাড়ি তল্লাশি করা হবে।
পুলিশ সুপার বলেন, গাড়ি ও হাটে চাঁদাবাজি হতে দেখলে মুঠোফোনে ছবি তুলে পাঠান। ব্যবস্থা নেওয়া হবে দ্রুত। গাড়িতে চাঁদাবাজি বন্ধে রাস্তায় সাদাপোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা এবং পশুর হাটের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক, শ্রমিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। নগরের হালিশহরে জেলা পুলিশ লাইন্সে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত একাধিক শ্রমিক নেতা বলেন, ঈদকে সামনে রেখে পুলিশ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশির নামে হয়রানি করে চালকদের।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি আবু মুছা বলেন, বিভিন্ন সড়কে ভাঙা রাস্তার কারণে গাড়ি চলাচল করে ধীরগতিতে। ফলে সৃষ্টি হয় যানজট। ভোগান্তি কমাতে ভাঙা স্থানগুলোতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা দরকার।
সভায় পরিবহন মালিক, শ্রমিক প্রতিনিধি ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।