চাঁদাবাজি প্রতিরোধে লাঠি ও বাঁশি বিতরণ
গাজীপুরের টঙ্গীর সুরতরঙ্গ সড়ক এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসা প্রতিরোধ করার লক্ষ্যে ব্যবসায়ীদের হাতে লাঠি-বাঁশি বিতরণ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে গত শুক্রবার রাতে এসব লাঠি-বাঁশি বিতরণ করা হয়।
এলাকার কয়েকজন ব্যবসায়ী বলেন, সুরতরঙ্গ সড়ক এলাকায় দীর্ঘদিন ধরে একশ্রেণির অসাধু ব্যক্তি দোকানে সন্ত্রাসী, চাঁদাবাজিসহ মাদক ব্যবসা করছেন। তা প্রতিরোধে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। পরে সেখানে প্রতিবাদ সভা হয়। সভা শেষে টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল হোসেনের নেতৃত্বে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে লাঠি ও বাঁশি বিতরণ করা হয়।
এ বিষয়ে টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ওই এলাকায় অপরাধ দমনে পুলিশ কাজ করছে। ব্যবসায়ীরা এ কাজে পুলিশকে সহায়তা করছেন। আত্মরক্ষার্থে তাঁরা এটা করতে পারেন। সমিতির সভাপতি মোতালেব হোসেন বলেন, আশা করি, লাঠি-বাঁশি বিতরণের পর এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের উৎপাত কমবে।