চাঁদাবাজি বন্ধ না হলে উত্তরাঞ্চলে পণ্য পরিবহন বন্ধের হুমকি
এক সপ্তাহের মধ্যে সড়ক-মহাসড়কে পুলিশের চাঁদাবাজি এবং ওজন স্টেশন কেন্দ্রে শ্রমিক হয়রানি বন্ধ না হলে উত্তরাঞ্চলে পণ্য পরিবহন বন্ধের হুমকি দিয়েছে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক যৌথ পরিষদ।
শনিবার বগুড়ায় অনুষ্ঠিত রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার মালিক-শ্রমিক যৌথ পরিষদের এক সভায় চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়।
বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি মোটেলে অনুষ্ঠিত মালিক-শ্রমিক যৌথ কমিটির সভায় শ্রমিক নেতারা অভিযোগ করেন, উত্তরাঞ্চলসহ দেশের সড়ক-মহাসড়কে কাগজপত্র তল্লাশির নামে হাইওয়ে, জেলা ও ট্রাফিক পুলিশের চাঁদাবাজিতে তাঁরা অতিষ্ঠ। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দারোগার হাটের ওভারলোড কন্ট্রোল স্টেশন স্কেলে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় ও শ্রমিকদের হয়রানি করা হচ্ছে।
সভায় বক্তারা বলেন, পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহন দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। অথচ, নানা অজুহাতে পণ্যবাহী ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান সড়ক-মহাসড়কে থামিয়ে পুলিশ কাগজপত্র তল্লাশির নামে বেপরোয়া চাঁদাবাজি করছে। চাঁদা না দিলে শ্রমিকদের মামলা দিয়ে, ট্রাক জব্দ করে নানাভাবে হয়রানি করা হচ্ছে। এসব চাঁদাবাজি ও হয়রানি বন্ধ না হলে উত্তরাঞ্চল জুড়ে মালিক-শ্রমিক যৌথ পরিষদ আন্দোলন গড়ে তুলবে।