বাংলাদেশ নৌযান শ্রমিক–কর্মচারী ইউনিয়নের হুঁশিয়ারি
চাঁদাবাজি বন্ধ না হলে ১ ডিসেম্বর থেকে ধর্মঘট
নদীপথে ডাকাতি, চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে গতকাল রোববার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। দাবি পূরণ না হলে আগামী ১ ডিসেম্বর থেকে নৌ ধর্মঘটের হুঁশিয়ারি দেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার।
মানববন্ধন চলাকালে সবুজ শিকদার বলেন, নৌ সেক্টরের শ্রমিকেরা সবচেয়ে কম পারিশ্রমিকে কাজ করছেন। অথচ আজ পর্যন্ত তাঁদের ন্যূনতম মজুরি বাস্তবায়িত হয়নি। সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত ও বালুমহালের ইজারাদারদের অপতৎপরতা বন্ধে ইউনিয়নের শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। এরপর কিছুদিন বন্ধ থাকলেও সন্ত্রাসী-চাঁদাবাজেরা আবারও বেপরোয়া হয়ে উঠেছে। নৌযান শ্রমিকেরা সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ব বরণসহ চাকরি ও সর্বস্ব হারাচ্ছেন। বিআইডব্লিউটিএর কিছু ট্রাফিক ইন্সপেক্টর ও অসাধু কর্মকর্তা জাহাজ ও শ্রমিকদের কাগজপত্র দেখার নামে হয়রানি ও চাঁদাবাজিতে লিপ্ত। বিকাশের মাধ্যমে চাঁদাবাজি করা হচ্ছে। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসন বালুমহাল ইজারা না দিলেও বেশ কিছু স্থানে বিআইডব্লিউটিএর নামে চাঁদাবাজি চলছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ১ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নির্যাতন ও হয়রানি বন্ধ না হলে শ্রমিকেরা ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
মানববন্ধন চলাকালে সবুজ শিকদার ছাড়াও ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল ওয়াহেদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মাস্টার, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতা মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু মাস্টার বক্তব্য দেন। এ সময় নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ডেমরা শাখার সভাপতি জাকির হোসেন, সারুলিয়া শাখার সভাপতি মুরাদ মাস্টার, গাবতলী শাখার সভাপতি আব্দুল আলীম শেখ, চট্টগ্রাম শাখার প্রচার সম্পাদক আব্দুল কাদের মাস্টার, মুন্সিগঞ্জ শাখার সভাপতি ফিরোজ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শুক্কুর মাহমুদের নেতৃত্বে গতিশীল আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতা-কর্মীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ৫ নম্বর ঘাটে শীতলক্ষ্যার তীরে এসে শেষ হয়।
সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে নদীপথে চলন্ত নৌযান থেকে মাঝ নদীতে বিআইডব্লিউটিএর ইজারা ও অন্যান্য নামে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার, রূপগঞ্জের সুলতানা কামাল ও কাঞ্চন সেতুর নিচে এবং ডেমরা, রাজাখালী, মিরপুর, গাবতলী, বিরুলিয়া, রোস্তমপুরসহ সব নদীপথে চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। নুনেরটেক, কলমিরচর, বৈদ্যেরবাজার, শম্ভুপুরা, দশানী, হরিনা ও মেঘনা নদীর বালুমহালে ইজারাদারদের নিয়মবহির্ভূত টাকা আদায় বন্ধ করতে হবে। বালুমহাল এলাকায় নৌযান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সন্ত্রাসীদের চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে। নৌযান ও শ্রমিকদের সনদ দেখার নামে হয়রানি বন্ধ করতে হবে। নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি গেজেট সরকার কর্তৃক অবিলম্বে প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে।