চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় ফোরাম ১১ দফা দাবি দিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছেন। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে ওজন পরিমাপক যন্ত্র (ওভার কন্ট্রোল লোড) বসিয়ে চাঁদাবাজি বন্ধ, মহাসড়কে খুন ও চাঁদাবাজি বন্ধ করা, জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখা, জেলা ও বিভাগীয় শহরে ট্রাক টার্মিনাল নির্মাণ, গাড়ির খুচরা যন্ত্রাংশের দাম কমানোসহ ১১ দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় ফোরামের নেতাদের অভিযোগ, মহাসড়কে সরকার ওজন পরিমাপক যন্ত্র বসিয়ে চাঁদাবাজির সুযোগ করে দিয়েছে। এতে বেশি পণ্যবাহী গাড়ি থেকে এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। ওজন পরিমাপক যন্ত্র পরিচালনাকারী কর্মীরা এই চাঁদাবাজি করছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় ফোরামের আহ্বায়ক এস এম হাবিবুল হক ও সদস্যসচিব কাজী মোতাহের হোসেন গতকাল বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন।