ঈদে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি পুলিশ কিংবা সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলে ঈদের আগে মহাসড়কে গাড়ির কাগজপত্র যাচাই করবে না পুলিশ।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়-কালে জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার এসব কথা বলেন। ঈদের সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এ সভার আয়োজন করা হয়।
জেলা পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যা ব ও বিজিবি সমন্বিত ভূমিকা পালন করবে। সড়ক-মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে যান চলাচল পর্যবেক্ষণ করা হবে।
পুলিশ সুপার যানজট নিরসনে মালিক-শ্রমিক প্রতিনিধি সংগঠনের সহযোগিতা চান। এ সময় কাভার্ড ভ্যান, ট্রাক মালিক সমিতির নেতারা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগের তিন দিন এবং পরের তিন দিন কাভার্ড ভ্যান ও ট্রাক চলাচল বন্ধ রাখা হবে বলে জানান।
সভায় আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মহাসড়কের ভাঙা অংশ জরুরি ভিত্তিতে মেরামত করতে বলেন। একই সঙ্গে ঈদ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে মহাসড়কে যাতে ‘মৌসুমি গাড়ি’ না নামে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন। সভায় সড়ক ও জনপথের বিভাগীয় প্রকৌশলী জিয়াউল হক মহাসড়কের খানাখন্দ ও ভাঙা গর্ত আগামী এক সপ্তাহের মধ্যে মেরামত করা হবে বলে জানান।
সভার বিষয়ে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক চৌধুরী জাফর আহমেদ প্রথম আলোকে জানান, ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবি জানানো হয় সভায়। পুলিশ সুপার চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পুলিশ, সন্ত্রাসী যে-ই হোক চাঁদাবাজির ঘটনায় কাউকে ছাড় না দেওয়ার কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর) মো. শহীদুল্লাহ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান, বাংলাদেশ কাভার্ড ভ্যান, ট্রাক ও পরিবহন সমিতির মহাসচিব আবু মোজাফফর, চট্টগ্রাম বন্দর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুর আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির নেতা মৃণাল চৌধুরীসহ মালিক-শ্রমিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।