চাঁদাবাজি বন্ধের দাবি
কৃষি উপকরণের দাম কমানো, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধসহ ১৩ দফা দাবিতে দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারীত কৃষক দল গতকাল মঙ্গলবার পৃথকভাবে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে স্মারকলিপি পেশ করেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিগত চারদলীয় জোট সরকারের সময়ে ২০০৬ সালে প্রতি কেজি ইউরিয়া সার ছয় টাকা, টিএসপি ১৫ টাকা, পটাশ ১২ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু ২০১৪ সালে (বর্তমানে) ইউরিয়া ১৬, টিএসপি ২২ ও পটাশ ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এভাবে প্রতিটি কৃষি উপকরণের দাম বাড়ানো হয়েছে। কৃষক দলের উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদামি বন্ধ করা, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, ডিজেলের দাম কমানো, পণ্য পরিবহনে পথে পথে দলীয় চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ করা, নেরিকা ধানের চাষ বন্ধ করা, কৃষিতে ভর্তুকি বাড়ানো এবং সীমান্তে বিএসএফ কর্তৃক গুলি করে নিরীহ কৃষক হত্যা বন্ধ করা।
দিনাজপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আফতাব উদ্দীন আহমেদ মণ্ডল ও সদস্যসচিব মাহবুব আহমেদের নেতৃত্বে কৃষক দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করেন।
গাইবান্ধা: জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেয় গাইবান্ধা জেলা কৃষক দল। স্মারকলিপি দেওয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সমাবেশে জেলা কৃষক দলের আহ্বায়ক ইলিয়াস হোসেন, জেলা বিএনপির সভাপতি আনিছুজ্জামান খান, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল কাফী প্রমুখ বক্তৃতা করেন।
নীলফামারী: জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে নীলফামারী জেলা কৃষক দল। গতকাল দুপুরে জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।